সরকারের ‘ফ্যামিলি কার্ড’ পেলে ছাড়তে হবে ‘টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড’সহ তিন ধরনের সুবিধা। অন্যগুলো হলো-খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যবান্ধব’ ও ভালনারেবল উইম্যান বেনিফিট (ভিডব্লিউবি)। ভিডব্লিউবি কর্মসূচি মূলত দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালনা করছে। এছাড়া পরিবারের প্রধান নারী হলে তিনি ফ্যামিলি কার্ডের বাইরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্য কোনো কার্ডের সুবিধা ভোগ করতে পারবেন না। তবে যে পরিবারের প্রধান নারী নয়, সে পরিবারের অন্য সদস্যরা অন্য সামাজিক নিরাপত্তার সুবিধা পাবেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
প্রধানমন্ত্রী তারেক রহমান কাল সকাল ১০টায় রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের আরও ১৪টি স্থানে এর উদ্বোধন করা হবে।
বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষণা ছিল, দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেন। ওই কমিটির কার্যপরিধির মধ্যে কার্ড বিতরণের নীতিমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে। ফলে দেশে বিদ্যমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোকে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যার নামকরণ হচ্ছে-‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’। এ কর্মসূচির মূল দর্শন হচ্ছে-ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
Read more on The Daily Jugantor



